বেতন বৈষম্যের প্রতিবাদে ১ ঘণ্টা বেশি কাজের ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৯:৩০
 
বেতন বৈষম্যের প্রতিবাদে সরকারি কলেজ শিক্ষকরা ইতিমধ্যে দুদিন কর্মবিরতি পালন করেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ১১ জানুয়ারি থেকে পূর্ণকালীন কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ২৬ ক্যাডার কর্মচারিসহ কৃষিবিদ, প্রকৌশল ও চিকিত্সকরা। কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীরা বেতন বৈষম্যের প্রতিবাদে অভিনব কর্মসূচি ঘোষণা করেছেন।
 
আগামী ১৮ জানুয়ারি বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত সারাদেশে সকল সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ১ ঘন্টা অতিরিক্ত কাজ করবেন। প্রধানমন্ত্রীর কাছে দেয়া স্মারকলিপি ও সংবাদ সম্মেলনে এ কমসূচির কথাও জানানো হয়েছে।
 
ডিপ্লোমা প্রকৌশলীরা জানিয়েছেন, অষ্টম বেতন কাঠামোতে ডিপ্লোমা প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলেন, ৮ম জাতীয় বেতন স্কেলে একজন ডিপ্লোমা প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলী প্রাথমিক নিযুক্তিতে ১০ম গ্রেডে বেতন পাবেন ১৬ হাজার টাকা। তিনি ১০ বছর চাকরি পূর্তিতে ৯ম গ্রেডে উন্নীত হয়ে বেতন পাবেন ২২ হাজার টাকা এবং ১৬ বছর চাকরি পূর্তিতে ৮ম গ্রেডে উন্নীত হয়ে ২৩ হাজার টাকা স্কেলে বেতন ভাতাদি পাবেন। অর্থাত্ ১৬ বছর চাকরি করার পর একজন ডিপ্লোমা প্রকৌশলী যে বেতন গ্রেডে উন্নীত হবেন সেটি ডিগ্রি প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তির পদ অর্থাত্ সহকারী প্রকৌশলীর জন্য নির্ধারিত।
 
তাদের অভিযোগ, অথচ ৭ম বেতন স্কেলে ডিপ্লোমা প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলী ১০ম গ্রেডে প্রাথমিক নিযুক্তির পর চার বছর চাকরি পূর্তিতে সিলেকশন গ্রেড পেয়ে ডিগ্রী প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তি পদ সহকারী প্রকৌশলী পদে সম বেতন-ভাতাদি পেতেন। একই ধারাবাহিকতায় উপ-সহকারী প্রকৌশলীরা ৮ বছর চাকরি পূর্তিতে প্রথম টাইম স্কেল পেয়ে ৮ম গ্রেড ও ১২ বছর চাকরি পূর্তিতে ২য় টাইম স্কেল পেয়ে ৭ম গ্রেডে বেতন-ভাতাদি পেতেন। সুপ্রীমকোর্টের রায় অনুসারে অনেক উপ-সহকারী প্রকৌশলী ১৫ বছর চাকরি পূর্তিতে ৩য় টাইম স্কেল পেয়ে ৬ষ্ঠ গ্রেডে বেতন-ভাতাদি পেয়ে আসছে। ৮ম জাতীয় বেতন স্কেলে ৬ষ্ঠ গ্রেডের প্রারম্ভিক বেতন ৩৫ হাজার ৫শ টাকা। সার্বিক বিবেচনায় দেখা যাচ্ছে, ১৬ বছর চাকরি পূর্তিতে একজন ডিপ্লোমা প্রকৌশলী ২টি উচ্চতর বেতন স্কেল প্রাপ্তির পরও ৬ষ্ঠ গ্রেডের সাথে তার বেতন বৈষম্য হবে ১২ হাজার ৫০০ টাকা। যা একজন ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি জীবনের শেষ অবধি পেতে হবে।