প্রযুক্তির চমক নিয়ে শুরু হচ্ছে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২০:০১

বিশ্বের বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্রতি বছর অপেক্ষা করে প্রযুক্তি বিশ্বের এ মহা আয়োজনটির জন্য। হ্যাঁ, কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’র কথাই বলছি। ৬ জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হচ্ছে এই আয়োজন। প্রতিবারের মতো এবারও বিশ্বের কোটি কোটি প্রযুক্তিপ্রেমী তাকিয়ে আছে এই আয়োজনের দিকে। বিভিন্ন দিক থেকেই এবারের আয়োজন অন্যবারের তুলনায় কিছুটা ভিন্ন হবে।

এবারের এক্সপোতে সবার নজর থাকবে বিভিন্ন নতুন প্রযুক্তির দিকে। এর মধ্যে অন্যতম হলো বিভিন্ন ধরনের ফিটনেস ডিভাইস। ২০১৫ সাল জুড়েই আলোচনায় ছিল বিভিন্ন ব্র্যান্ডের ফিটনেস ট্র্যাকিং ডিভাইস। এরই মধ্যে আইফিট নামের একটি ডিভাইস আলোচনায় চলে এসেছে। এর নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এতে থাকবে একটি ওএলইডি ডিসপ্লে। মজার ব্যাপার হলো এর সাথে যুক্ত থাকবে গুগল ম্যাপ যা বিভিন্ন সময় লোকেশন সম্পর্কেও ধারণা দেবে।

এবারের মেলা মাতিয়ে রাখবে আর একটি প্রযুক্তি। আর তা হলো ‘স্মার্ট হোম’। ইতোমধ্যেই স্যামসাংয়ের একটি স্মার্ট রেফ্রিজারেটর আলোচনায় চলে এসেছে। এই রেফ্রিজারেটরে রয়েছে বিশেষ কৃত্তিম বুদ্ধিমত্তা যা প্রয়োজন অনুসারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর পাশাপাশি বাইরের দিকে থাকা ডিসপ্লে এর ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্রের ছবি দেখাতে সক্ষম। আর এজন্য ভেতরে থাকছে একটি ক্যামেরা। ড্রোনের কথা না বললেই নয়। ২০১৫ সাল পুরোটাই আলোচনায় ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ড্রোন। আর এতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি। এবারের মেলায় চীনের খ্যাতনামা ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই ফ্যানটম ৩ মডেলের একটি নতুন ড্রোন উন্মুক্ত করার কথা জানিয়েছে।

স্মার্ট গাড়ি কিংবা চালকবিহীন গাড়ি, যাই বলা হোক না কেন, এবারের কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে সবার নজর কিন্তু এদিকেও থাকবে। ‘স্মার্ট ডিভাইস লিঙ্ক’ প্ল্যাটফর্ম সমৃদ্ধ গাড়ির দেখা মিলবে এবারের শো’তে। আর এই প্রযুক্তি নিয়ে আসবে টয়োটা। তবে পিউগট, হোনডা, সুবারু এবং মাজদাও একই প্রযুক্তি নিয়ে হাজির হতে পারে। এই প্রযুক্তিগুলোর বাইরেও এবার দেখা মিলবে নতুন নতুন মোবাইল ফোন, স্মার্ট টিভি, ক্যামেরা, রোবট এবং ভার্চুয়াল রিয়েলিটি পণ্যের।