‘মানুষ খালেদা জিয়ার ডাকের অপেক্ষায়’

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২০:২৭
 
‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে এখানে কয়েক লাখ লোকের সমাগম হয়েছে। আর এতেই প্রমাণিত হয়, দেশের মানুষ খালেদা জিয়ার ডাকের অপেক্ষায় আছে।’
 
মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশ কারাগারে বন্দি। ৫ জানুয়ারি নির্বাচন কমিশন ও সরকারের হাতে গণতন্ত্র নিহত হয়েছে। এর আগে বাকশালের মাধ্যমে গণতন্ত্র নিহত হয়েছিল। আর এবার শেখ হাসিনার হাতে গণতন্ত্র নিহত হয়েছে।’
 
এ বছরই গণতন্ত্র উদ্ধারের বছর উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের আমলে ৪৪০ জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন। ইলিয়াস আলীসহ ২৪৭ জন গুম হয়েছেন। এই সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার হবে এবং এঁদের হত্যার বিচার হবে। দেশের মানুষ ও গণতন্ত্র মুক্তি পাবে।’