স্পেনের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে তিন টন কোকেন জব্দ ও সন্দেহভাজন ১২ জন মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা স্পেন, ব্রিটেন ও নেদারল্যান্ডসের নাগরিক।
পুলিশের বিবৃতিতে মঙ্গলবার বলা হয়েছে, স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের গালিসিয়া অঞ্চল থেকে এসব মাদক জব্দ করা হয়েছে। তবে কখন অভিযান চালানো হয় তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। আনারসের একটি চালানের সঙ্গে কোস্টারিকা থেকে কোকেনের চালানটি আনা হয়েছিল।
স্পেনের দক্ষিণাঞ্চলের কোস্টা ডেল সল এলাকার একটি কুখ্যাত মাদক পাচারকারী দলের কাছে এই কোকেনগুলো পাঠানো হচ্ছিল। তিন টন কোকেনের বাজার মূল্য প্রায় ৬০ কোটি মার্কিন ডলার। সূত্র: এএফপি
