তৃতীয় অ্যালবামের কাজ নিয়ে চলতি সময়ে ব্যস্ত আছেন কণ্ঠশিল্পী মালা। প্রবাসী মালা গানের টানে দেশে ফিরে আসেন প্রায়ই। এবার ছুটিতে দেশে ফিরে নতুন অ্যালবাম ও কয়েকটি স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সম্প্রতি ইত্তেফাক আড্ডায় এসে এমনটাই জানালেন তিনি।
মালার তৃতীয় অ্যালবামটি করছেন ফুয়াদ। গানের কাজ প্রায় শেষ পর্যায়। দেশে এসে অ্যালবাম করার বিষয়ে মালা বলেন, ‘গানের টানেই দেশে ফিরে আসি। এ সময়ে হয়তো আমি অন্য কোথাও ঘুরতে যেতে পারতাম। ছুটিটা আরাম করে কাটাতে পারতাম। কিন্তু গানকেই আমি সবার আগে প্রাধান্য দিয়েছি এবং ভবিষ্যতেও দেবো।’
গানের পাশাপাশি মিউজিক ভিডিওর নিয়মিত ধারা তৈরি হয়েছে আমাদের দেশে। বিষয়টি ইতিবাচক হলেও অনেকে এখন গানের চেয়ে মিউজিক ভিডিওকেই প্রাধান্য দিচ্ছেন। মালা এ প্রসঙ্গে বলেন, ‘মিউজিক ভিডিওর ধারাবাহিকতা পুরো বিশ্বেই আছে। কিন্তু গানটা সবসময় মূল বিষয়। ঝকঝকে মিউজিক ভিডিও নির্মাণ করলেই গান হিট হয়ে যাবে এমনটা ভাবা ঠিক না।’
