এবছর ৩৬৫ মাইল দৌড়াবেন জাকারবার্গ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২১:৪৯
নতুন বছরে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার চার কোটি ৭০ লাখ ফলোয়ারের জন্য নতুন একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আর তা হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে এক মাইল করে দৌড়ানো। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ২০১৬ সালে ৩৬৫ মাইল দৌড়ানোর লক্ষ্য তার।
 
এর আগে জাকারবার্গ জানিয়েছিলেন তিনি বাড়ির কাজে সাহায্য করতে পারে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র তৈরি করবেন। তিনি লিখেছেন, এ বছর তার অন্যতম ব্যক্তিগত চ্যালেঞ্জ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সরল একটি যন্ত্র তৈরি করা। এই যন্ত্রটি হবে অনেকটা হলিউড সিনেমা আয়রন ম্যানের ‘জারভিস’ চরিত্রটির মতো যা ঘরের কাজ করতে পারে।
 
২০১৪ সালে জাকারবার্গের নিজের প্রতি চ্যালেঞ্জ ছিল ওই বছরের মধ্যে মান্দারিন ভাষা রপ্ত করা। আর মাসে অন্তত দুটি বই পড়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন গত বছর। সূত্র: ভার্জ