যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের সার সংক্ষেপ দাখিল করা হয়েছে বলে আপিল বিভাগকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষের আইনজীবী না থাকায় আপিল শুনানি কবে হবে সেই বিষয়ে আজ বুধবার আদেশ দেবে আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করে দেন।
গতকাল রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আদালতে বলেন, এ মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষ আপিলের সংক্ষিপ্তসার জমা দিয়েছে। এ পর্যায়ে আদালত বলে, আসামিপক্ষে কোন আইনজীবী এ মামলা পরিচালনা করবেন। তখন মীর কাসেমের আপিলের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদিন তুহিন বলেন, তারা এখনও বিষয়টি চূড়ান্ত করেননি। বিষয়টি চূড়ান্ত করে তা আদালতকে জানাতে নির্দেশ দেয় আপিল বিভাগ।
২০১৪ সালের ২ নভেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায়ের বিরুদ্ধে ওই বছরে আপিল করেন মীর কাসেম।
