আইন প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর: আইনমন্ত্রী

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৩:২৬
 
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সবা আইনি প্রক্রিয়া  শেষ করে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বুধবার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে নিজামীর আপিলের রায় দেয়ার পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
আনিসুল হক বলেন, আসামিপক্ষ রিভিউ আবেদন করলে এক ধরনের আইনি প্রক্রিয়া ও রিভিউ না করলে আরেক ধরনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে রায় কার্যকর করা হবে।
 
রিভিউ আবেদনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, রিভিউ বিষয়ে কি হবে সেটি আদালত বলতে পারবেন। 
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে বুধবার রায় ঘোষণা করেছে আপিল বিভাগ। 
 
পাবনার রূপসী, বাউশগাড়ী ও ডেমরা গ্রামের প্রায় ৪৫০ জনকে হত্যা ও ৩০-৪০ জন নারীকে ধর্ষণ (২ নম্বর অভিযোগ), ধুলাউড়া গ্রামে ৩০ জনকে হত্যায় নেতৃত্ব ও সম্পৃক্ততা (৬ নম্বর অভিযোগ) ও বুদ্ধিজীবীদের হত্যার (১৬ নম্বর অভিযাগে) অপরাধে নিজামীকে এই দণ্ড দেয়া হয়।