সৌদিতে নারী শ্রমিকদের সঙ্গে যেতে পারবে স্বজন পুরুষ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৪:১৬
 
বাংলাদেশ থেকে নেয়া নারী শ্রমিকদের সঙ্গে তার একজন নিকট পুরুষ আত্মীয়কে যেতে পারবেন। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে বুধবার বেলা ১১টায় নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এই তথ্য জানান।
 
নুরুল ইসলাম বলেছেন, গৃহস্থালীসহ ১২টি ক্যাটাগরিতে কর্মী নিতে আগ্রহী সৌদি সরকার। এদের মধ্যে মালি, চালকসহ অন্যান্য কয়েকটি ক্যাটাগরিতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করতে পারবে। এক্ষেত্রে নারী সুরক্ষা ও নিরাপত্তার জন্য তাদের একজন নিকটাত্মীয় সঙ্গে রাখতে পারবেন। শিগগিরই দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় বিষয়টি ঠিক করা হবে।
 
তিনি আরো বলেন, আমরা যদি ২ লাখ নারী শ্রমিক দিতে পারি, এর সঙ্গে ২ লাখ পুরুষ শ্রমিক নেবে সৌদি সরকার।
 
সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইফতেখার হায়দার চৌধুরী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার বেগম উপস্থিত ছিলেন।