ঢাকায় অ্যাকশন চলচ্চিত্রের সফল পরিচালক শহীদুল ইসলাম খোকন উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন । তাঁর বর্তমান শারীরিক অবস্থা অপরিবর্তিত।
এ বিষয়ে তাঁর সহ ধর্মিণী মিসেস জয় ইসলাম ইত্তেফাককে জানান, 'তাঁর অবস্থা আগের মতই আছে। জ্ঞান আছে, চোখ খুলতে পারেন এমন কি হাতও মাঝে মাঝে নাড়াচ্ছেন তিনি। কিন্তু সাপোর্ট ছাড়া নিঃশ্বাস নিতে পারেন না।'
তিনি আরও জানান, 'তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য আগামীকাল (বৃহস্পতিবার) কর্তব্যরত ডাক্তাররা তাঁর লাইফ সাপোর্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারেন। সেজন্য আগামীকাল সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই তাঁর জন্য।তাই আমি সবার কাছে তাঁর জন্য দোয়া চাই।'
দীর্ঘদিন ধরে মুখগহ্বরের ‘মটর নিউরো ডিজিস’ (এএলএস)-এ আক্রান্ত দেশের গুণী পরিচালক খোকন।গত ১০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছিলেন। আমেরিকার ‘বেল ভিউ হসপিটাল’-এর চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের কোন চিকিৎসা নেই। অক্টোবরের শেষের দিকে তিনি দেশে ফিরে আসেন।
শহিদুল ইসলাম খোকন পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘ঘাতক’ ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’ইত্যাদি। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘রক্তের বন্দি’। তার পরিচালনায় সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন নায়ক রুবেল।
