নিউইয়র্কে শোটাইম মিউজিকের জমজমাট আয়োজন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৫:০৮
একটি অনুষ্ঠানকে কি করে সফল করতে হয় তা হয়ত খুব ভালো করে জানেন শোটাইম মিউজিক এন্ড প্লে'র প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম। তাই প্রচন্ড শীত উপেক্ষা করেও তার অনুষ্ঠান হয়ে ওঠে লোকে লোকারন্য। তিনি এমন ঘটা করে অনুষ্ঠান আয়োজন করেন যে, অনেক কাজ থাকলেও দর্শক শ্রোতারা তার শো ছেড়ে ঘরে ফিরতে চান না। আসলে আলমগীর খান আলম বিনোদনের এক যাদুকর। যা আবারো প্রমান হল ৩ জানুয়ারী নিউইয়র্কের উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানটিতে।
 
শোটাইম মিউজিক এর এই অনুষ্ঠান আয়োজনে প্রধান সহযোগী ছিল উৎসব ডটকম। মিডিয়া পার্টনার এনটিভি হলেও দেশ এবং প্রবাসের অনেক জনপ্রিয় টিভি এবং সংবাদপত্রকে দেখা যায় অনুষ্ঠান কভার করতে করতে। অনুষ্ঠানটিতে প্রধান আকর্ষণ ছিলেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু এবং শাহনাজ খুশী। এছাড়া  অনুষ্ঠানে মাজিদস ডিজায়ার এর বিশেষ ফ্যাশন শো ও বিশেষ করে ক্যাভারে নাচ অনেকেই উপভোগ করেন।
 
IMG0
 
বৃন্দাবন দাসের প্রবাস জীবন ভিত্তিক বিশেষ নাটক 'ভুতের বাড়ি'  খুব চমৎকার করে উপস্থাপন করেন ফজলুর বাবু, চঞ্চল এবং খুশী। সমবেত শ্রোতা দর্শক মুহুর্মুহু করতালি দিয়ে তাদের আনন্দ এবং ভালোলাগা প্রকাশ করেন। মা এবং দেশের কথা নাটকটিতে এতো চমৎকার ভাবে প্রতিফলিত হয়েছে যার ফলে অনেক শ্রোতা দর্শক চোখের পানি ধরে রাখতে পারেননি।  বাড়তি পাওনা ছিল চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবুর কণ্ঠে গান।
 
IMG1
 
তাছাড়া এক সময়ের চ্যানেল অ্যাই এর সেরাকণ্ঠ বৃষ্টি মুৎসুদ্দি  অনুষ্ঠানে গান করে সঙ্গীত পিপাসুদের আনন্দ দেন। এছাড়া স্থানীয় শিল্পীদের ভেতর গান করেন লাল্টু জামান, হাফিজুর রহমান, কামাল হোসেন ও রানু নেওয়াজ। লাইভ মিউজিক দিয়ে অনুষ্ঠানকে প্রাণময় রাখতে পুরো সময় জুড়ে ছিলেন পার্থ গুপ্ত, রিচারড মধু, রাকেশ ব্যানারজী এবং ঢোলী শফিক মিয়া। উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। ঢাকা থেকে আসা জনপ্রিয় শিল্পীদের হাতে সম্মাননা তুলে দিতে আলমগীর খান আলমের সাথে মঞ্চে অন্যান্যদের ভেতর ছিলেন মোহাম্মদ শাহ নেওয়াজ, নাসরীন চৌধুরী এবং জাকারিয়া চৌধুরী।