মাদকাসক্ত সন্দেহ হলেই পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার সকালে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ১০ তলা বিশিষ্ট সদরদপ্তরের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পুলিশ লাইনে মহানগর ও জেলা পুলিশের জন্য নির্মিত পৃথক ব্যারাক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'আমরাই প্রথম ডোপ টেস্ট করে চাকরিতে যোগদান করাচ্ছি। এখন অন্যান্য সংস্থাও শুরু করেছে। পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে, যে কোন সময় যে কোন পুলিশ সদস্যের আচারণে বা তথ্যের ভিত্তিতে যাকে মাদকাসক্তে সন্দেহভাজন মনে হবে, সঙ্গে সঙ্গে তার ডোপ টেস্ট করাতে হবে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে'।
আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত বর্তমান সদরদপ্তরের স্থানে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে আরএমপি সদরদপ্তরের জন্য দেড় হাজার বর্গফুটের ১০তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। এ ভবনে আধুনিক কনফারেন্স রুমসহ ৫০টি গাড়ি পার্কিংয়ের সুবিধাও থাকছে। এছাড়াও থাকবে তিনটি লিফট। আগামী নয় মাসের মধ্যে এ ভবনের নির্মাণ কাজ শেষ হবে। অন্যদিকে রাজশাহী পুলিশ লাইনে আরএমপির ছয়তলা বিশিষ্ট একটি নতুন ব্যারাক ভবন এবং জেলা পুলিশের নারী পুলিশ সদস্যদের জন্য নতুন দ্বিতল ব্যারাক ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে আরএমপির নতুন ব্যারাক ভবনে ৫১৫ জনের এবং জেলা পুলিশের নারী সদস্যদের ব্যারাক ভবনে ২৫৫ জন পুলিশ সদস্যের আবসনের ব্যবস্থা হয়েছে।
আরও পড়ুন: ১৪ মার্চ আসছে পলাশের নতুন মিউজিক ভিডিও 'ঘরের বাত্তি'
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, আরএমপির কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান ভুঞা, অতিরিক্ত ডিআইজি নিসারুল আরিফ, আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, আরএমপির উপ-কমিশনার সদরদপ্তর তানভীর হায়দার চৌধুরী, উপ-কমিশনার বোয়ালিয়া জোন আমির জাফর, উপ-কমিশনার ট্রাফিক অনির্বান চাকমা, উপ-কমিশনার কাশিয়াডাঙ্গা জোন জয়নাল আবেদিন, উপ-কমিশনার শাহ্মখদুম হেমায়েতুল ইসলাম, উপ-কমিশনার তারিকুল ইসলাম ও আরএমপির মুখপাত্র, অতিরিক্ত উপ-কমিশনার ইফতে খায়ের আলম প্রমূখসহ আরএমপি ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
