বাগেরহাটের শরণখোলা উপজেলার ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজে বুধবার দুপুরে বহিরাগতরা হামলা চালিয়ে।
এ সময় কলেজের দরজা, জানালা, আসবাবপত্র ও কম্পিউটার ল্যাব ভাঙচুর করা হয়। পরে ওই যুবকরা স্থানীয় বাজারের দুটি দোকানেও হামলা চালায়। হামলায় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার উপজেলার খেজুরবাড়িয়া এলাকায় কলেজের একাদশ শ্রেণির ছাত্র আলামিনের সঙ্গে সাবেক ছাত্র রজিবের মারামারি হয়। এতে আলামিন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে আলামিনের পক্ষের লোকজন ওইদিন কলেজে মিছিল করতে গেলে আবু তৈয়ব নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র তাতে অপাগতা প্রকাশ করে। এ সময় আবু তৈয়বকে তারা মারধর করে। এ ঘটনার জের ধরে ৩০-৪০ জন বহিরাগত যুবক কলেজে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
