অ্যান্ড্রয়েড ডিভাইসে কিটক্যাটের রাজত্ব

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৯:৩৬

স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ডয়েডের সর্বশেষ সংস্করণ মার্শম্যালো বাজারে এসেছে খুব বেশিদিন হয়নি। আর তাই এখন পর্যন্ত খুব বেশি ডিভাইসে এই সংস্করণটি যুক্ত হয়নি। অ্যান্ড্রয়েডের সর্বশেষ ডিস্ট্রিবিউশন ডেটা অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র ০.৭ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সংস্করণটি ইনস্টল করা হয়েছে। ডিসেম্বর মাসে এর পরিমাণ ছিল ০.৫ শতাংশ। চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত ৭ দিনব্যাপী সংগৃহীত তথ্য থেকে আরও জানা গেছে, বর্তমানে সবচেয়ে বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস চলছে কিটক্যাট সংস্করণে। জনপ্রিয় একটি চকলেট ব্র্যান্ডের নামে নামকরণ করা এই সংস্করণটি আছে ৩৬.১ শতাংশ ডিভাইসে। তবে আগের মাসের তুলনায় এ পরিমাণ কিছুটা কমেছে। কিটক্যাটের পরের অবস্থানেই আছে অ্যান্ড্রয়েড ললিপপ। ললিপপের ভিন্ন দুটি সংস্করণ একত্রিতভাবে দখলে রেখেছে ৩২.৬০ শতাংশ ডিভাইস। তবে এর মধ্যে ললিপপ ৫.০ আছে ১৬.৯ শতাংশ এবং ললিপপ ৫.১ আছে ১৫.৭ শতাংশ ডিভাইসে।

 

মজার ব্যাপার হলো এর আগের মাসের তুলনায় ললিপপ ৫.১ ব্যবহারকারী বেড়েছে ২.৫ শতাংশ। অ্যান্ড্রয়েডের এই তিনটি সংস্করণের দাপটে খুব দ্রুতই কমছে পুরনো সংস্করণের ব্যবহারকারী সংখ্যা। আগের মাস থেকে ২.২ শতাংশ কমে অ্যান্ড্রয়েডের অপর জনপ্রিয় সংস্করণ জেলিবিন ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ২৬.৯ শতাংশে। অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণের হালনাগাদ তথ্য জানা গেলেও এখন পর্যন্ত আইওএস’র বিভিন্ন সংস্করণের সর্বশেষ তথ্য প্রকাশ করেনি অ্যাপল। তবে ডিসেম্বরের মধ্যভাগে প্রকাশিত তথ্য অনুসারে, ৭১ শতাংশ আইওএস ডিভাইসে আছে আইওএস ৯।