সিরিয়ার রাকায় নারী সাংবাদিক রুকিয়া হাসানকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)। কঠোর শরিয়া আইনে পরিচালিত শহরটিতে মানুষের দৈনন্দিন জীবনযাপন নিয়ে লেখার কারণে জঙ্গিদের রোষানলের শিকার হয়েছেন তিনি। রুকিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল আইএস।
৩০ বছর বয়সী রুকিয়াকে গত সেপ্টেম্বরেই হত্যা করে আইএস। এতোদিন বিষয়টি অজানা থাকার পর এই সপ্তাহে বিষয়টি জানাজানি হয়।
'নিসান ইব্রাহিম' ছদ্মনামে লিখতেন রুকিয়া। লেখায় আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত শহরটিতে সাধারণ মানুষের জীবনযাপন ও বিমান হামলার বর্ণনা দিতেন তিনি। তিনি আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে পড়াশোনা করেন। ২০১১ সালে দেশে আরব বসন্তের ঢেউ আছড়ে পড়লে তিনি সরকারবিরোধী ফ্রি সিরিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে শহরটি আইএসের দখলে আসলেও সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সেখান থেকেই তিনি ফেসবুকে নিজের কথা লিখতেন। তার ফলোয়ারদের সবসময় দিন বদলের আশা দিতেন রুকিয়া।
নজরদারির পর গত আগস্টে তাকে ধরে নিয়ে যায় জঙ্গিরা। তার বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার অভিযোগ আনে আইএস। ফ্রি সিরিয়ান আর্মিকে 'ষড়যন্ত্রকারী' বলে মনে করে আইএস। সূত্র: দ্য গার্ডিয়ান
