দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় নিজেদের নির্মিত একটি দ্বীপে আবারো বেসামরিক বিমান নামিয়েছে চীন। দ্বীপটিতে তৈরি করা রানওয়েতে পাঁচদিন আগে পরীক্ষামূলক ভাবে বিমান নামিয়ে ভিয়েতনামের ক্ষোভের কারণ হয়েছিল চীন।
বুধবার ফের একই কাজ করেছে দেশটি। এবার তারা পরীক্ষামূলক ভাবে দুটি বিমান নামিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। এই দুটি বিমানের কারণে ভিয়েতনামের পক্ষ থেকে আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। আগের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল দেশটি। ফিলিপাইন জানিয়েছে, তারাও আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছে।
চীনের পাশাপাশি ভিয়েতনাম ও ফিলিপাইন উভয় দেশই দক্ষিণ চীন সাগরের ওই অংশটির উপর নিজেদের মালিকানা দাবি করে আসছে। অপরদিকে চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের উপরই নিজেদের মালিকানা দাবি করে আসছে। সিনহুয়া জানায়, বুধবার সকালে স্পার্টলি দ্বীপপুঞ্জের ওই কৃত্রিম দ্বীপটিতে দুটি বিমান অবতরণ করে। সংস্থাটির খবরে বলা হয়, পরীক্ষামূলক অবতরণের এই সফলতায় বিমানবন্দরটি নিরাপদে বড় ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচল কার্যক্রম চালাতে পারবে তা নিশ্চিত হল। বিমানবন্দরটিতে রসদ, মানুষ ও চিকিৎসা সামগ্রী আনা নেওয়ার ব্যবস্থা করা হবে বলে খবরে জানানো হয়।
তবে দ্বীপটিতে কী ধরনের বিমান নামানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিনহুয়া। স্পার্টলি দ্বীপপুঞ্জের ছোট ছোট দ্বীপগুলোর আশপাশের সাতটি রিফ ও অ্যাটোলে এক বছরের বেশি সময় ধরে বালু ফেলে চীন একটি কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। ওই দ্বীপে যে তিনটি রানওয়ে তৈরি করে তার একটিতে এসব বিমান অবতরণ করে। রানওয়েটি তিন হাজার মিটার লম্বা। শনিবার প্রথমবারের মতো পরীক্ষামূলক ভাবে ওই রানওয়েতে একটি বেসামরিক বিমান অবতরণ করিয়েছিল চীন। বিবিসি।
