প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন শুক্রবার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৯:৩৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ মতবিনিময় সভায় অংশ নিতে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
 
জানা গেছে, বর্তমান সরকারের দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ কমপ্লেক্সে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরি, সংগ্রহশালা, ক্যাফেটেরিয়া, মসজিদ, বকুলতলা চত্বর এলাকায় ইতিমধ্যে উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।
 
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, শুক্রবার সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। পরে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এরপর বেলা ১১টা থেকে দুপুর আড়াইটার মধ্যে মিলাদ মাহফিল, নামাজে অংশ নিয়ে মধ্যাহ্ন বিরতি করবেন। পরে টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
 
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম জানান, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসছেন এ খবরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উদ্দীপনা। এ সফর সফল করতে করা হয়েছে সভা।
 
কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এ সফর সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
 
গোপালগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে পুরো জেলায় নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। সাদাপোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। মহাসড়কসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বাসসহ সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।