'অস্তিত্ব' ছবির রোমান্টিক গানে প্রথমবারের মত পর্দার সামনে এল আরিফিন শুভ ও তিশা। অনন্য মামুন পরিচালিত ছবির ‘আয়না বলনা’ শিরোনামের রোমান্টিক গানের ভিডিওটি বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে ইউটিউবে। চোখ ধাঁধানো লোকাশেন নির্মাণের মুন্সিয়ানাও দর্শকদের মন জয় করবে গানটিতে- এটাই প্রত্যাশা পরিচালক মামুনের।
তিনি জানান, নন্দিতা ও তাহসিনের কণ্ঠে এ গানের কথা লিখেছেন দ্বৈতভাবে জাহিদ আকবর ও আরিজন কামাল। এর সুর-সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানের ভিডিওটির কোরিওগ্রাফার ছিলেন আরিফ রোহান এবং সম্পাদনা করেছেন আকরামুল হক।
এদিকে নভেম্বরেই কার্লোস সালেহ প্রযোজিত ‘অস্তিত্ব’ ছবির শেষ লটের শুটিং সম্পন্ন হয়েছে। তারপরই মুক্তি পায় এর আকর্ষণীয় ফার্স্টলুক। সেটি বেশ আলোচিত হয় ঢাকাই ছবির দর্শকদের মধ্যে। পোস্ট প্রডাকশনের কাজ শেষে চলতি বছরেই বিশেষ কোনো উপলক্ষে মুক্তি দেয়া হবে ছবিটি। শুভ-তিশা ছাড়াও ‘অস্তিত্ব’ চলচ্চিত্রে দেখা যাবে সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা এবং ডনকে।
