সাফ ব্যর্থতার পরও ফিফা ফুটবল র্যাংকিং-এ তিন ধাপ এগোল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার প্রকাশিত ফিফার সর্বশেষ র্যাংকিং-এ ১৭৯তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তাদের পয়েন্ট এখন ৮৭।
সাফ-এ ব্যর্থ হবার পরও র্যাংকিং-এ বাংলাদেশের উন্নতিতে অনেকেই অবাক হতে পারে। তবে গত এক মাসে চারটি আন্তর্জাতিক ম্যাচের দু’টি জয় পাওয়ায় পয়েন্ট বেড়ে যায় বাংলাদেশের। তাতে র্যাংকিং-এ উন্নতি হয় তাদের। অবশ্য অন্য দু’টি ম্যাচ হেরেছেও তারা। হারের প্রভাব র্যাংকিং-এ পড়েনি বাংলাদেশের।
সাফে চ্যাম্পিয়ন হয় ভারত। র্যাংকিং তিন ধাপ এগিয়েছে তারাও। ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬৩ নম্বরে আছে তারা। তবে র্যাংকিং-এর শীর্ষ বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ১৪৯৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বেলজিয়াম। ১৪৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গত বিশ্বকাপের রানার্স-আপ আর্জেন্টিনা। আর ১৩৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে চতুর্থ স্থানে। তাদের অর্জিত পয়েন্ট ১৩৪৭।
খবর বাসসের।
