'ইনক্রেডিবল ইন্ডিয়া' নিয়ে মুখ খুললেন আমির

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১১:০৩
 
টানা দশ বছর ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রচারদূত ছিলেন আমির খান। তিনি ছিলেন দেশটির পর্যটন মন্ত্রণালয়ের 'ইনক্রেডিবল ইন্ডিয়া'-ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। কিন্তু এখন থেকে আর দেখা যাবে না, দেখা যাবে নতুন কোনো মুখ। এই অবস্থায়ও সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে কোনো 'অসহিঞ্চু' বিবৃতি দেননি এই পিকে তারকা।
 
ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা বুধবার গণমাধ্যমকে জানান, আমির খানের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ওই পদে তিনি আর থাকছেন না।
 
এ ব্যাপারে এক বিবৃতিতে আমির জানিয়েছেন, সরকারের এমন সিদ্ধান্তকে সম্মান করেন তিনি। তিনি থাকুন বা না থাকুন, দেশ 'ইনক্রেডিবল'ই থাকবে।
 
শুধু তাই নয়, আমির এটাও জানিয়েছেন যে, ভবিষ্যতে আবার কখনো ইনক্রেডিবল ইন্ডিয়ায় কাজের সুযোগ পেলে কাজ করবেন তিনি।
 
গত বছরের নভেম্বর মাসে যখন ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে জোর বিতর্ক শুরু হয়। সে সময় আমির খান বলেন, 'অবস্থা এমন যে দেশ ছাড়তে চাইছেন তার স্ত্রী কিরণ।' এমন মন্তব্যের পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপিসহ বিভিন্ন মহল থেকে পর্যটন মন্ত্রণালয়ের 'ইনক্রেডিবল ইন্ডিয়া'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে তাকে অপসারণের দাবি উঠে এবং শেষমেশ অপসারিতে হন তিনি। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।