আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সন্দেহভাজন সদস্য হিসেবে ভারতের বেঙ্গালুরুতে এক ব্যক্তিতে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে দিল্লি পুলিশ।
পুলিশের সূত্র জানিয়েছে, মাওলানা আনজার শাহ নামের সন্দেহভাজন আল-কায়েদার ওই সদস্যকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। আনজার শাহ ভারতে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে। তিনি বেঙ্গালোরে একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কাজ করছিলেন।
পুলিশের সূত্র জানিয়েছে, গোষ্ঠীটি সম্ভাব্য কয়েকজন রাজনৈতিক নেতা, জনবহুল স্থান এবং জনপ্রিয় কয়েকটি পর্যটন এলাকায় হামলার পরিকল্পনা করেছিল।
বেঙ্গালুরু থেকে আনজার শাহকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে শুক্রবার পাতিয়ালা হাউজ কোর্টে হাজির করার কথা রয়েছে।
দিল্লি পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ উইংয়ের সদস্যরা আনজার শাহকে গ্রেফতার করেছে। পুলিশের এই উইং ভারতীয় উপমহাদেশের আল-কায়েদার (একিউআইএস) বিরুদ্ধে চলমান অভিযান পরিচালনা করছে। হিন্দুস্তান টাইমস।
