বহুল আলোচিত জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ ৫ হত্যা মামলার ফাঁসি কার্যকর হওয়া ৩ আসামির দাফন সম্পন্ন হয়েছে। ফাঁসি কার্যকর হওয়া ৩ জনের মধ্যে শুক্রবার ভোরে কুষ্টিয়ার পৌর গোরস্থানে আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়।
এ ছাড়াও সকাল ৯টায় মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজপুর রাজনগর এলাকার কামার নওদাপাড়া গোরস্থানে সাফায়েত হোসেন হাবিবকে ও একই উপজেলার কুর্শা গ্রামের রাশেদুল ইসলাম ঝন্টুকে চুয়াডাঙ্গা জেলার উজিরপুর গ্রামে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টা ১ মিনিট থেকে ১১ টা ৪৫ মিনিটের মধ্যে যশোর কেন্দ্রীয় কারাগারে তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে ওই রাতেই মৃতদেহ পৌছায় নিজ নিজ স্বজনদের কাছে।
এব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আক্তারুজ্জামান জানান, মিরপুর উপজেলার কুর্শা গ্রামের মৃত উম্মাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেনের কোনো আত্মীয় স্বজন না থাকায় ভোরে কুষ্টিয়া পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। শুক্রবার সকাল ৯ টায় ইসমাইল হোসেনের ছেলে সাফায়েত হোসেন হাবিবকে নিজ গ্রাম মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজপুর রাজনগর এলাকার কামার নওদাপাড়া গোরস্থানে এবং একই উপজেলার কুর্শা গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ঝন্টুর নিজ গ্রামে কোন আত্মীয় স্বজন না থাকায় তার দাফন চুয়াডাঙ্গা জেলার উজিরপুর গ্রামের গোরস্থানে সম্পন্ন হয়েছে।
