নওগাঁর সাপাহারে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবা ও দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দুকুড়িপাড়া করবল্লা কবরস্থান এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার পত্মীতলা উপজেলার ধুরপিট রওজাপাড়া গ্রামের দিনেশ চন্দ্র বর্মণ (৫০), তার দুই ছেলে নির্মল বর্মণ (৩০) ও ময়েশ্বর বর্মণ (২৬)।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে জানা যায়, মাদকের একটি বড় চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা উপজেলার দুকুড়িপাড়া করবল্লা কবরস্থানের পার্শ্বে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে এক অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি পলিথিনের ব্যাগে মোড়ানো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।
