আবারো আলোচনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৪:১৯
 
আবারো আলোচনায় এসেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার স্থগিত হওয়া টেস্ট। জানা যায়, টেস্ট সিরিজটি আয়োজন করার চিন্তা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যুবার বিশ্বকাপে অজি দল প্রত্যাহারের পরপরই এই খবর জানালো অস্ট্রেলিয়া।
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের খবর অনুযায়ী, নিরাপত্তা ঝুঁকির অজুহাতে স্থগিত হওয়া টেস্ট সিরিজটি পুনরায় আয়োজনের চেষ্টা চালাচ্ছে সিএ। বোর্ডের নির্বাহী মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, 'আমরা চেষ্টা করছি বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের লক্ষ্যে শিডিউল নির্ধারণ করতে। আমরা আসলে সুযোগ খুঁজছি। নিরাপত্তার বিষয়টি দেখতে আমরা সরকারের সাহায্য নেবো। এরই মধ্যে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ব্যাপারটি নিয়ে আলোচনা চালাচ্ছি।'
 
এর আগে গত অক্টোবরে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ঢাকা আসার আগের দিন সফর বাতিল করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চলতি বছরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও একই কারণে নিজেদেরকে সরিয়ে নেয় তারা। প্রিয়।