একদলীয় শাসনের সব আয়োজন শেষ: মির্জা ফখরুল

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৫:২৮
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যে শাসনের মধ্যে রয়েছি তা ফ্যাসিবাদী শাসন। শুধু গণতন্ত্রের মুখোশ পরিয়ে রাখা হয়েছে। দেশে একদলীয় শাসনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। কারো কথা বলার অধিকার নাই। ভিন্নমত পোষণ করলেই মামলা দেয়া হয় এবং কারাগারে পাঠানো হয়।’
 
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে সকালে আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ১০০০ দিন উপলক্ষে প্রতিবাদী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল বলেন, ‘এটা জাতির জন্য অত্যন্ত দুঃসময় যে, কেউ কথা বললেই তার বিরুদ্ধে মামলা হয়, জেলে পাঠিয়ে দেয়া হয়।’
 

তিনি বলেন, ‘আজকে সাংবাদিক সমাজ বিভক্ত। এর কারণ হচ্ছে, এই বিভক্তিটা ঘটাতে পারলেই একটা গোষ্ঠী লাভবান হয়। শওকত মাহমুদ কারাগারে। তিনি সাংবাদিক নেতা ছিলেন, তার জন্য কেউ কথা বলছেন না। বর্তমান সরকার খুব ইফিশিয়েন্টলি গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। এ সুযোগ কোথাও বাদ রাখেনি।’