যাত্রী নিরাপত্তা বাড়াতে ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনের কামরায় এবার পরীক্ষামূলকভাবে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা বসানো হচ্ছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ক্যামেরাগুলো এমনভাবে বসানো হচ্ছে, যাতে স্টেশন থেকে যে কোনো যাত্রী ওঠানামা করলে তা যেন পরিষ্কারভাবে বোঝা যায়। তবে কামরার ভিতরের যাত্রীরা নজরদারির বাইরে থাকবেন। ইতিমধ্যে কয়েকটি ট্রেনে এই সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নিয়মিত সেগুলো পর্যবেক্ষণও করা হচ্ছে। ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি চলন্ত ট্রেনে চুরি, ডাকাতি এবং ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
