সান্তাহারে দুপক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ১০

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৯:৪৬
বগুড়ার সান্তাহারে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার বন্দর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
নিহত শফিকুল ইসলাম (৩৪) স্থানীয় শ্রমিক লীগের সদস্য ও পৌর শহরের চাবাগান এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি সান্তাহার পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাশেদুল ইসলাম রাজার ছোট ভাই।
 
এদিকে কর্মী খুনের ঘটনায় জাতীয় পার্টির নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে শ্রমিক লীগের নেতা-কর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কমপক্ষে ৩০ রাউন্ড টিয়ার শেল ও বেশ কিছু রাবার বুলেট নিক্ষেপ করেছে। বগুড়া শহর থেকে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে।
 
স্থানীয়রা জানান, পৌর নির্বাচনে জাতীয় পার্টির ভোট বিএনপির মনোনীত প্রার্থীকে দেয়া হয়েছে- এমন অভিযোগ করে আসছিলেন রাশেদুল ইসলাম রাজা। এ নিয়ে গত কয়েকদিন ধরে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও অটোরিকশা মালিক সমিতির সভাপতি সুমনের সঙ্গে শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীদের উত্তেজনা চলছিল। তারই জের ধরে শুক্রবার দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম মারা যান।
 
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) সওকত কবির একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি।