ইয়েমেনের রাজধানী সানায় ইরানি দূতাবাসে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। ইরানের অভিযোগ, বৃহস্পতিবার সানায় বিমান হামলায় দূতাবাসের বাইরে থাকা একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এই ঘটনায় জাতিসংঘে অভিযোগ জানানোর ঘোষণা দিয়েছে ইরান।
তবে ইরানী দূতাবাসে কোনো রকম হামলা চালানোর কথা অস্বীকার করেছে সৌদি জোট। তাদের বক্তব্য, ইরানি দূতাবাসের কাছে কোনো অভিযান চালায়নি তাদের বাহিনী।
সৌদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে তীব্র কূটনৈতিক বিবাদে জড়িয়ে পড়েছে দেশ দুটি। এর মধ্যেই তেহরানে বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয় সৌদি দূতাবাস। তার পর পরই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ থেকে ইরানি দূতাবাসের কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় সৌদি আরব।
বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের অভিযোগ মিথ্যা। সানায় ওই দূতাবাসের কাছে কোনো অভিযান চালানো হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, তারা তদন্ত করে নিশ্চিত হয়েছেন, দূতাবাস ভবন নিরাপদ রয়েছে এবং সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সিরিয়া ও ইয়েমেন সংকট নিয়ে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। সূত্র: রয়টার্স
