বলিউডের দর্শক নন্দিত অভিনেত্রী দীপিকা পাডুকোন হলিউডে অভিনয় করবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ আগে থেকেই। কোনো সাধারণ সিনেমায় নয়, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’ দিয়ে যাত্রা শুরু হতে পারতো এই অভিনেত্রীর। কিন্ত সেই ইশারাতে সাড়া দেননি বলিউড সুন্দরী। ব্যস্ততাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বারবার।
তবে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে দীপিকার ছবি আবারও সেই জল্পনা উসকে দিয়েছিল। দীপিকার টুইটারে আপ করা নতুন ছবিতে ভিন ডিজেলের বাহু বন্ধনে দেখা গিয়েছিল তাকে। ছবিটির ব্যাকগ্রাউন্ডে রয়েছে এক্স থ্রি-র সিম্বল। শুধু দীপিকা নয়, ভিন ডিজেলও একইদিন ইন্সটাগ্রামে এক্স থ্রি ফ্রাঞ্চাইজির ভিডিও পোস্ট করেছেন।
এতোদিনের সেই জল্পনাই এবার সত্যি হতে চলেছে বলে ধারণা করছেন অনেকেই। ছবির পরিচালক ডি জে কারিউসো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘আমরা জানুয়ারিতেই কাজ শুরু করছি। আর দীপিকার শুটিং ফেব্রুয়ারিতে।’ তবে এই বিষয়ে দীপিকা বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
