গতকাল মুক্তি পেয়েছে আলিশা প্রধান অভিনীত চলচ্চিত্র ‘ভুল যদি হয়’। এটিই চাষী নজরুল ইসলাম পরিচালিত শেষ সিনেমা। আর এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চাষী নজরুল ইসলাম এর সাথে আলিশার রয়েছে সুখ দুঃখের নানা স্মৃতি। আলিশা বললেন, ‘চাষী স্যার ছিলেন আমার শিক্ষক, বন্ধু, অভিভাবক। তিনি আমাকে বলেছিলেন সামনে আমরা আরও চার পাঁচটি সিনেমায় এক সাথে কাজ করব। এই সিনেমাটি আমরা এক সাথে হলে বসে দেখব। কিন্তু সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। আসলে আমার ভাবতেই কষ্ট হচ্ছে এমন একজন গুণী পরিচালকের সাথে কাজ করেছি কিন্তু মুক্তির শুভক্ষণে তিনি আমাদের মাঝে নেই। তার পরিচালিত আর নতুন কোন সিনেমা কখনো মুক্তি পাবে না। ভুল যদি হয় ছবির কাজের মধ্যে দিয়েই চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে পা রাখি। তার সঙ্গে কাজ করতে গিয়ে রপ্ত করেছি নানান অভিজ্ঞতা, প্রতিটি শর্টেই শিখেছি নতুন কিছু। তবে প্রথম দিকে কাজ করতে গিয়ে মনে খুব ভয় ছিল। অথচ আমি যে নতুন শিল্পী, শুটিংয়ের সময় আমাকে তিনি তা বুঝতেই দেননি। শুটিংয়ের সময় তো বটেই, এমন-কি পরে সংলাপ দেওয়ার আগে অনেক উচ্চারণ আমাকে শিখিয়ে দিয়েছেন। এমনও সময় গেছে, শুটিংয়ে আমাকে মুখে তুলে খাইয়েও দিয়েছেন, যেন আমি তাঁর মেয়ে। শুটিংয়ে সারাক্ষণ মজা করতেন। তাঁর সেই ব্যবহার কোনো দিন ভোলা যাবে না। যে কারণে কাল সবার অনেক অনুরোধ সত্যেও আমি সিনেমাটি দেখতে হলে যাই নি। চাষী নজরুল ইসলামের আরেকটি ছবিতে অভিনয় করেন আলিশা। ছবির নাম অন্তরঙ্গ। অন্তরঙ্গ আলিশার দ্বিতীয় ছবি হলেও প্রেক্ষাগৃহে তা মুক্তি পেয়েছে গত বছরের নভেম্বর মাসে।
