সাক্ষাৎকার

‘সব চমকের কথা এখনই বলতে চাই না’: শাফিন আহমেদ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ০২:১৩
বেশ ক’দিন ধরেই জানান দিচ্ছিলেন তিনি আসছেন নতুন চমক নিয়ে। কিন্তু ঠিক কি চমক তা বলছেন না। প্রশ্ন করলেই বলেন, ‘অফিসিয়ালী জানাবো। অবশেষে গত ৭ জানুয়ারি ঢাকার বনানীর এক রেস্তোরাঁয় অফিসিয়ালী জানান দিলেন সেই চমক লাগা খবর। তিনি এদেশের রক লিজেন্ড, স্টাইল আইকন শাফিন আহমেদ। লক্ষ শ্রোতা-দর্শকদের এক মাঠের ভেতরে মোহিত করে এবারে অভিনয়ে আসছেন। বিনোদন প্রতিদিনের সাথে আড্ডা-আলাপে তারই বিস্তারিত বললেন তিনি।
 
সাক্ষাত্কার নিয়েছেন তানভীর তারেক
 
হঠাত্ শব্দটিই বলতে হচ্ছে, কেন? কি কারণে বা কি উদ্দেশ্যে এ রকম কৌতুহলী প্রশ্নই এখন মনে আসছে আপনাকে নিয়ে?­
 
আমি জানি। আর এ রকমটাই হওয়া স্বাভাবিক। আসলে অনেকদিন ধরেই অনেককেই না করছিলাম। আর কত না করবো। আর এই তরুণ ডিরেক্টরের প্ল্যান, স্ক্রিপ্ট সবকিছু মিলিয়েই কাজটি ভালো লেগেছে। তাই এবারে আর না বলিনি।
 
কিন্তু মাইলসের শাফিন আহমেদ, স্টাইল আইকন শাফিন আহমেদ-এর এই ব্যস্ততার শিডিউলে কতটা সময় বের করতে পারবেন নাটকের জন্য। আর করলেও তা অনেক ব্যয়বহুল হয়ে যাবে না?
 
না, কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে কখনোই তা ব্যয়বহুল হবে না। আর প্রতিদিন তো আমার শুটিং হবে না। আমার কাজগুলো নির্মাতার সাথে আমরা গুছিয়ে নেবো।
 
নির্মাতা তারিক মুহাম্মদ হাসান আর ধারাবাহিক প্রডাকশনটির নাম ‘মিডনাইট ফ্যালকন’-এ আপনার গেটআপ কি হবে?
 
সব মিলিয়ে গোয়েন্দা চরিত্র। মিউজিক লাভার এক ডিটেকটিভ-এর গল্প। ৫২ পর্বের টানটান উত্তেজনা। আশা করছি সব ধরনের আনন্দ রসদই এই নাটকে থাকবে।
 
কো-আর্টিস্ট কারা কারা থাকবে, এছাড়া এখনকার সময়ে নাটকের সকলেই সিনেমার জন্য এক পা-দু’পা করে এগুচ্ছেন। সেখানে আপনি এতো সিরিয়াসলি ধারাবাহিকে কাজ শুরু করলেন—
 
কো-আর্টিস্ট এখনও ফাইনাল হয়নি। এ মাসের শেষ দিকে শুটিংয়ের কাজ শুরু হবে। আমরা চ্যানেলের সাথেও কথা চূড়ান্ত করবো। আর চলচ্চিত্রের নাজুক অবস্থার কথা আমরা সবাই জানি। এরপরও আমি বলবো, এতো প্রতিকূলতা পেরিয়ে যে আমাদের একাধিক তরুণ নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করছেন এটাই অনেক বড় সাফল্য। তাই অবশ্যই চলচ্চিত্রে এলেও আমি সে ধরনের ভিন্নধারার চরিত্রেই দর্শকদের সামনে আসবো।
 
গানের মানুষ অভিনয়ে থাকবে, আর সেখানে গানের চমক থাকবে না এটা তো ভাবা অমূলক। সেখানে আপনার নাটকে আবহে বা টাইটেল কিংবা নাটকের কনটেন্টে গান কেমন থাকবে?
 
অনেক খানি, এখনও কথাবার্তা চলছে। টাইটেল গান নিয়ে আমরা ভাবছি। এছাড়া গল্পের প্রয়োজনে বেশকিছু গান থাকবে। সেখানে নতুন গান যেমন থাকবে তেমনি জনপ্রিয় গান তো থাকবেই। এছাড়া সব চমকের কথা এখনই বলতে চাই না। দর্শকদের জন্য এটি আমার নতুন বছরের উপহার।