উইন্ডোজ ফোনের জন্য সিম কার্ড আনছে মাইক্রোসফট

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১২:১১
নতুন এক সেলুলার ডেটা অ্যাপ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। এই অ্যাপ ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব সিম কার্ড ব্যবহারের প্রয়োজন হবে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে এলটিই সংযোগের প্রক্রিয়া আরও সহজ করতে অ্যাপটি তৈরি করছে সফটওয়্যার জায়ান্ট এই প্রতিষ্ঠান।
 
বিজিআর ডটইনের এক খবরে বলা হয়েছে, একটি সেলুলার ডেটা অ্যাপ তৈরি করছে মাইক্রোসফট। এটি কেবল উইন্ডোজ ১০ চালিত ডিভাইসে ব্যবহার করা হবে। এর জন্য লাগবে আলাদা সিম কার্ড।
 
মাইক্রোসফটের উইন্ডোজ স্টোরে অ্যাপটি প্রকাশ করা হয়েছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট কর্তৃপক্ষ।
 
দ্যা ভার্জের বরাত দিয়ে সূত্র আরও জানিয়েছে, মাইক্রোসফটের এই সেলুলার ডেটা অ্যাপ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে কোনো চুক্তি ছাড়াই বিভিন্ন মোবাইল নেটওয়ার্কের সঙ্গে উইন্ডোজ ১০ চালিত ডিভাইস সংযুক্ত করে নেয়া যাবে।