পশ্চিমতীরে ফের দুই ফিলিস্তিনিকে হত্যা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৭:০৯
পশ্চিমতীরের একটি চেকপয়েন্টে শনিবার দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সৈন্যরা। শুক্রবারও পৃথক দুটি ঘটনায় চার ফিলিস্তিনিকে হত্যা করেছিল তারা। ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়, ছুরি নিয়ে হামলার জবাবে এদের হত্যা করা হয়েছে।
 
গত বছর ১ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলিদের হামলায় ১৪৬ জন নিহত হয়েছেন। এসময় ফিলিস্তিনিদের ছুরিকাঘাত, গাড়িচাপা ও বন্দুক হামলায় ২২ ইসরাইলি ও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
 
শুক্রবার চার ফিলিস্তিনিকে হত্যার পর সৈন্যরা পশ্চিম তীরের হেবরন শহরের কাছে একটি বাড়ি ধ্বংস করে। বাড়িটি একজন ফিলিস্তিনি নাগরিকের। তাকে ইসরাইলি সেনারা হত্যা করেছিল।
 
গত নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস ত্বরান্বিত করার অঙ্গীকার করেন। ফিলিস্তিনিদের হামলাকে নিরুৎসাহিত করার জন্য এটা অন্যতম কার্যকরী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। সূত্র: এএফপি