সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে অনলাইনে মোকাবেলা করতে কার্যকর কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে নতুন পরিকল্পনা নেয়ারও ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। মূলত ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি দলগুলো যেন ইন্টারনেট ব্যবহার করে মার্কিন নাগরিকদের দলে ভেড়াতে না পারে সেরকম ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।
হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, নতুন যেসব ব্যবস্থা নেয়া হচ্ছে তার মধ্যে রয়েছে একটি টাস্কফোর্স গঠন করা। জঙ্গি সংগঠনগুলোর অনলাইন প্রোপাগান্ডা বন্ধ করতে এই টাস্কফোর্সটি কাজ করবে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। জঙ্গিবাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অ্যাপল, গুগল, ফেসবুক, মাইক্রোসফট ও টুইটারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি হয়েছে। জঙ্গিবাদের প্রতি মানুষকে আকৃষ্ট হওয়া বন্ধ করতে কার্যকর উপায় খুঁজবে হোমল্যান্ড সিকিউরিটির আওতাধীন এই টাস্কফোর্স। সূত্র: বিবিসি
