ছয় মাস আগে যে কারাগার থেকে পালিয়েছিলেন সেই কারাগারেই ঠাঁই হলো মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপো গুজম্যানের। শনিবার সেনাবাহিনীর হেলিকপ্টারে করে গুজম্যানকে রাজধানী মেক্সিকো সিটি থেকে ৯০ কিলোমিটার দূরে আল্টিপ্লানো কারাগারে নেয়া হয়। তাকে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মনে করা হয়।
গুজম্যান মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে কোকেন ও হেরোইনের মতো মাদক চোরাচালান করতেন। তাকে গ্রেফতারের জন্য মেক্সিকোর ওপর কূটনৈতিক চাপ ছিলো যুক্তরাষ্ট্রের।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা টুইটার পোস্টে গুজম্যানকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন। শুক্রবার দেশটির মেরিন সেনাদের একটি দল রক্তক্ষয়ী অভিযান চালিয়ে গুজম্যানকে গ্রেফতার করে। এসময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ে পাঁচ জন নিহত হয়েছেন।
১৭ মাস কারাগারে বন্দি থাকার পর গত বছর ১১ জুলাই কারাগারের গোসলখানার থেকে দুই কিলোমিটার টানেলের ভিতর দিয়ে অবিশ্বাস্যভাবে পালিয়ে যান গুজম্যান।
তাকে গ্রেফতারের পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। জেল পালিয়ে নিজের জীবনীভিত্তিক একটি সিনেমা তৈরি করার জন্য বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। আর এতেই তার অবস্থান নিয়ে ধারণা পায় নিরাপত্তা বাহিনী।
এর আগে গত অক্টোবরেও একবার ধরা পড়ার হাত থেকে বেঁচে গিয়েছিলেন গুজম্যান। তখন সঙ্গে একজন নারী থাকায় নিরাপত্তাবাহিনীর গুলি খেতে হয়নি তাকে। সূত্র: এএফপি
