‘ভারত যা পারেনি ২০ বছরে আমরা তা করেছি ৩ বছরে’

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২০:২৩
পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম এমপি বলেছেন, ‘পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত যে উন্নয়ন করতে পারেনি ২০ বছরে, আমরা শেখ হাসিনার নেতৃত্বে তা করেছি তিন বছরে। বাংলাদেশ মধ্যম আয়ের প্রথম সোপানে পৌঁছে গেছে।’
 
শনিবার বিকেল পাঁচটায় নরসিংদী সরকারি কলেজ মাঠে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী বানিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘মাথাপিছু আয় গত সাত বছরে তিন গুণ বেড়ে ৪০৭ ডলার থেকে এক  হাজার ৪০০ ডলারে উন্নীত হয়েছে।’
 
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম ও লেখক সরকার আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন।
 
এতে অন্যান্যের মধ্যে নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল ও নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহীসহ চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।