কলকাতায় গাইবেন গজল কিংবদন্তি গুলাম আলি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২০:৩৬
কিছুদিন আগে উগ্র হিন্দুত্ববাদীদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান বাতিল করে মুম্বাই থেকে ফিরে যেতে হয়েছিল পাকিস্থানি গজল কিংবদন্তি গুলাম আলিকে। সেই কষ্টে তিনি বলেছিলেন, ভারতে আর কোনোদিনও অনুষ্ঠান করবো না। তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে।
 
এবিষয়ে পশ্চিমবঙ্গ সরকার শুক্রবার জানিয়েছে, আগামী ১২ই জানুয়ারি কলকাতায় গজলের অনুষ্ঠান করবেন গুলাম আলি। মোহনবাগান ফুটবল ক্লাবের মাঠ ও স্টেডিয়ামে ঘুরে দেখে সেখানেই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রথমে ইডেন গার্ডেনে ওই অনুষ্ঠানটির কথা ভাবা হলেও ১৫ তারিখে আই সি সি-র কর্মকর্তারা মাঠ পরিদর্শন করতে আসবেন বলে সেখানে গুলাম আলির অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সি এ বি-র সভাপতি সৌরভ গাঙ্গুলি।
 
গুলাম আলির অনুষ্ঠানের কথা সরকারিভাবে ঘোষণা করেন রাজ্য সংখ্যালঘু বিত্ত ও উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুলতান আহমেদ। তিনি জানান ‘আমরা আজ মোহনবাগান মাঠ আর গ্যালারী পরিদর্শন করে ওখানেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। ১২ তারিখ ওখানেই গাইবেন গুলাম আলি।’