কুমেকে ফের সন্ত্রাসী হামলা: চিকিৎসকদের ধর্মঘট ও ক্লাশ-পরীক্ষা বন্ধ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২১:৫২
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ফের সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার সকাল থেকে ইন্টার্নি ও কর্মরত চিকিৎসকরা ধর্মঘট কর্মসূচি পালন করেছে। এছাড়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নারী চিকিৎসকরা আতঙ্কে হাসপাতালের কর্মস্থল ছেড়ে গেছেন।
 
প্রসঙ্গত, ১ জানুয়ারি রাতে রোগীর স্বজনরা হামলা চালিয়ে ওই হাসপাতালের চার ইন্টার্নি চিকিৎসক আবদুল হান্নান, হিমেল, ইমতিয়াজ ও নাদিয়াকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে থানায় মামলা এবং আসামি গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে ফের চিকিৎসকদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী হাসপাতালে হামলা চালিয়ে কর্তব্যরত চিকিৎসক সজিবকে তার কক্ষ থেকে বের করে মারধর করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনার প্রতিবাদে শনিবার ভোর থেকে হাসপাতালের ইন্টার্নি ও কর্মরত চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া কুমেকের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়।
 
কুমেকের ভারপ্রাপ্ত পরিচালক এবিএম খুরশীদ আলম জানান, ‘সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে এরই মধ্যে নারী চিকিৎসকরা কর্মস্থল ত্যাগ করেছেন।
তার ধারণা, পূর্বের হামলার ঘটনা ও গ্রেফতারের জের ধরে এ ঘটনা ঘটেছে।.
তিনি আরো জানান, রবিবার পর্যন্ত চিকিৎসকদের ধর্মঘট চলবে। পরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।