লিওনেল মেসির দুর্দান্ত এক হ্যাটট্রিকে লা লিগার ম্যাচে গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ক্যাটালান দলটি।
শনিবার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের অষ্টম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ডি-বক্সের ভেতর থেকে আরদা তুরানের বাড়ানো বলে শুধু টোকার দরকার ছিল আর্জেন্টিনা অধিনায়কের। ম্যাচের ১৪ মিনিট না যেতেই সুয়ারেজের বাড়িয়ে দেয়া বলে দ্বিতীয় গোলটি করেন মেসি। প্রথমার্ধে এর পর অনেক সুযোগ নষ্ট করে, সুয়ারেজতো্ গ্রানাডার গোলরক্ষককে একা পেয়েও গোল দিতে পারেননি। বিরতির তিন মিনিট আগে রাকিতিচের বাড়ানো বল থেকে নেইমারের জোড়ালো শট সাইড নেটে লাগে।
বিরতির পর বার্সেলোনার গোল আর মেসির হ্যাটট্রিক পেতে বেশি সময় লাগেনি। ৫৮তম মিনিটে সার্জিও রবার্তোর দারুণ বাড়ানো বল ধরে খুব কাছ থেকে শট নিয়েছিলেন নেইমার। বল ফিরে এল বারে লেগে। ফিরতি বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকটা তুলে নিলেন মেসি। সব প্রতিযোগিতা মিলে ১০ মাসের বেশি সময় পর হ্যাটট্রিক পেলেন মেসি। তার শেষ হ্যাটট্রিক ছিল ২০১৫ সালের ৮ মার্চ; লিগে রায়ো ভায়োকানোর বিপক্ষে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এটা তার ৩৬তম হ্যাটট্রিক।
অনেকবার গোলের সুযোগ হারানোর পর ৮৩তম মিনিটে অবশেষে গোল পান নেইমার। তবে গোলের পুরো কৃতিত্বটাই মেসির। বল নিয়ে সামনে এগিয়ে দানি আলভেসকে পাস দিয়েছিলেন তিনি। এর পর আলভেসের নিচু ক্রস বাড়ালে হেলায় বল ছেড়ে দিলেন তিনি। জানতেন, নেইমার আছে পেছনে। বল পেয়ে এবার আর বারে লাগাননি ব্রাজিল তারকা।
লা লিগায় নেইমারের এটা পঞ্চদশ গোল। সতীর্থ সুয়ারেজের সঙ্গে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। দারুণ এই জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ফিরল বার্সেলোনা। সমান ম্যাচ খেলে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪১। আজ রাতে সেল্টা ভিগোর সঙ্গে জিতলে অবশ্য আবারো শীর্ষে উঠে যাবে দিয়েগো সিমিওনের দল। গোল.কম।
