কুখ্যাত মাদক ব্যবসায়ী জোকুইন এল চাপো গুজম্যানকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণ করবে মেক্সিকো। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি এই কথা জানিয়েছে।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের পর থেকেই এই প্রক্রিয়াটা বিবেচনাধীন ছিল তাদের। গত শুক্রবার গুজম্যানকে পুনরায় আটক করা হয়। এর ছয় মাস আগে মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তা সংবলিত কারাগার থেকে পালিয়ে ছিলেন গুজম্যান। মোস্ট ওয়ান্টেড এই মাদক ব্যবসায়ী বাথরুম দিয়ে টানেল তৈরি করে পালিয়েছিলেন। এটা ছিল তার দ্বিতীয় কারা পলায়ন, ২০০১ সালে কারারক্ষীকে ঘুষ দিয়ে লন্ড্রি বাস্কেটে করে পালিয়ে ছিলেন। ১৩ বছর পলাতক থাকার পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৪ সালে আবারো আটক হন।
এর আগেও যুক্তরাষ্ট্র গুজম্যানকে তাদের হাতে প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছিল। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিল মেক্সিকো। বিবিসি।
