আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৩:২৪
 
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এই মোনাজাতে অংশ নেন।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা এই মোনাজাতে শরিক হন।
 
টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ইজতেমার মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর ব্যাপক ঐক্য লাভের জন্য প্রার্থনা করা হয়। ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ এই মোনাজাত পরিচালনা করেন।
 
প্রথম পর্যায়ের ইজতেমায় দেশের ১৭টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। অন্য জেলার মুসল্লিরা ১৫-১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্যায়ের ইজতেমায় অংশগ্রহণ করবেন।-বাসস।