ইসলাম ও অভিবাসী বিরোধী হিসেবে বক্তব্যের জন্য সমালোচিত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে এবার একজন মুসলিম নারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে সাউথ ক্যারোলাইনার রোড হিলে সমাবেশ করেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প।
ওই সমাবেশেই উপস্থিত হয়েছিলেন রোজ হামিদ নামে ওই মুসলিম নারী। টেলিভিশন চিত্রে দেখা যায়, হিজাব পরিহিত রোজ একটি গেঞ্জি পড়ে বসেছিলেন সমাবেশে, তাতে লেখা ছিল- সালাম, আমি শান্তির জন্য এসেছি। সমাবেশে যখন সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছুটে মানুষদের আইএস জঙ্গিদের সমর্থক বলছিলেন ট্রাম্প, তখন ৫৬ বছর বয়সী রোজ নীরবে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানান। এসময় তার পাশে বসে থাকা ব্যক্তিরা রোজকে বিদ্রূপ করতে থাকলে রোজও পাল্টা উত্তর দিচ্ছিলেন। এর মধ্যেই চিৎকার-চেঁচামেচি শুরু হওয়ার পর ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা। তারা সমাবেশ থেকে এই মুসলিম নারীকে বের করে দেন।
রোজ সিএনএনকে বলেন, এটা সত্যি দুঃখজনক যে আমাকে নীরবেও প্রতিবাদ জানাতে দেওয়া হল না। আমার কাছে না কি বোমা রয়েছে-এমন কথাও বলেছেন রিপাবলিকান পার্টির সমর্থকরা। তবে রিপাবলিকান পার্টির কয়েকজন সমর্থক দুঃখ প্রকাশ করলেও নিরাপত্তা রক্ষীরা তাকে থাকতে দেয়নি বলে জানান তিনি। এদিকে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন ট্রাম্পকে রোজের কাছে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছে। বিবিসি।
