ফ্রান্সের নানতেস শহরের উপকণ্ঠে বিতর্কিত নতুন বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে শনিবার হাজার হাজার লোক বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে। কর্তৃপক্ষ বলছে, নতুন বিমানবন্দর ফ্রান্সের পশ্চিমাঞ্চলে পর্যটন বিকাশে সহায়ক হবে।
কিন্তু পরিবেশবিদরা এর বিরোধিতা করছেন। হাজার হাজার বিক্ষোভকারীরা কেউ পায়ে হেঁটে, কেউ বাইকে চড়ে অথবা ট্রাক্টর চালিয়ে বিক্ষোভে অংশ নেয় এবং সড়ক অবরোধ করে। তারা ওই এলাকায় বসবাসকারী ১১ পরিবার ও ৪ কৃষককে সরে যাওয়ার যে আদেশ দেয়া হয়েছে তা বাতিলের দাবি জানায়।
আয়োজকরা বলছেন, বিক্ষোভে ২০ হাজার লোক অংশ নিয়েছে। কিন্তু পুলিশ বলছে, এ সংখ্যা ৭ হাজার ২শ’। উল্লেখ্য, নতুন বিমানবন্দর নির্মাণ বন্ধের চেষ্টায় বিক্ষোভকারীরা গত ১৫ বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছে। গত ২ বছরের মধ্যে শনিবারের এ বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। কর্তৃপক্ষ ২০০৮ সালে ৭৪ কোটি ৭ লাখ ডলার ব্যয়ে নতুন বিমানবন্দর নির্মাণের প্রকল্প হাতে নেয়। ২০১৪ সালে কাজ শুরুর কথা থাকলেও বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। এএফপি।
