নৌবাহিনীর বহরে যোগ হলো ২ যুদ্ধজাহাজ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৭:১২
বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন দুটি যুদ্ধ জাহাজ যোগ হয়েছে। চীনের তৈরি করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট যুদ্ধ জাহাজ ‘স্বাধীন’ ও ‘প্রত্যয়’ রবিবার সকালে চট্টগ্রামের নেভাল জেটিতে এসে পৌঁছায়।
 
চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে ‘বানৌজা স্বাধীনতা’ ও তার কিছু সময় পর ‘বানৌজা প্রত্যয়’ জেটিতে আসে।
 
জাহাজের প্রকল্প কর্মকর্তা কমোডর একেএম ফারুক হাসান সাংবাদিকদের বলেন, করভেট ক্লাসের জাহাজ দুটি যুদ্ধকালীন ছাড়াও সাধারণ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
তিনি জানান, ৯০ মিটার দীর্ঘ ও ১১ দশমিক ৪ মিটার প্রস্থের জাহাজদুটিতে আধুনিক ক্ষমতাসম্পন্ন বিধ্বংসী কামান, মিসাইল ও সাগরের তলদেশে সাবমেরিনে টার্গেট আনতে সক্ষম। জাহাজ দুটি সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে।
 
২০১২ সালে চীনের রাষ্ট্রায়ত্ত জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চায়না শিপ বিল্ডিং কোম্পানির সঙ্গে এ দুটি জাহাজের জন্য চুক্তি হয়। এর অংশ হিসেবে পরের বছরের ৭ জানুয়ারি জাহাজ দুটির নির্মাণ কাজ শুরু করে ৩৫ মাস পর তা বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গত ২৬ ডিসেম্বর জাহাজ দুটি চীনের কুইডং বন্দর থেকে যাত্র শুরু করে।