স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পৌর নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করে জনগণ সমুচিত জবাব দিয়েছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও দেশের মানুষ আওয়ামী লীগকেই ভোট দিবে। দেশের মানুষ উন্নয়ন চায়। তাই মানুষের উন্নয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়নের (আইপিইউ) চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সানিয়া তাহমিনা ও উপাধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী তুহিন।
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় জীবনের এই স্মরণীয় দিনে মুগদা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি মুগদা হাসপাতাল প্রতিষ্ঠা করার পর তা কলেজে রূপান্তর করেছেন। শুধু তাই নয়, এখানে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট স্থাপন করার চিন্তাভাবনাও করছে সরকার।
একাগ্রচিত্তে লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা একটি মহান পেশা। মেধাবীরাই চিকিৎসাশাস্ত্রে লেখাপড়া করার সুযোগ পেয়ে থাকে। তাদের কাছে পরিবার ও দেশবাসীর অনেক প্রত্যাশা। ক্লাস শুরু করার আগে নেয়া শপথ রক্ষা করলে দক্ষ ও ভালো মানের চিকিৎসক হওয়া কঠিন হবে না। অভিভাবকদের ত্যাগের কথাও মনে রাখলে ভবিষ্যতে সুচিকিৎসক হওয়া সম্ভব।
সুচিকিৎসক হতে গেলে ধুমপানসহ যেকোনো মাদক থেকে দূরে থাকতে নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী বছর থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তির ক্ষেত্রে ধুমপান করে না এ মর্মে প্রত্যয়নপত্র জমা দেয়ার আইন প্রণয়ন করা হবে।
এ বছর থেকে মুগদা মেডিকেল কলেজসহ দেশে নতুন ৬টি সরকারি মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজ-এর যাত্রা শুরু হচ্ছে।
