তাজরীনে অগ্নিকাণ্ডে প্রাণহানির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৮:৪৩
আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় করা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী আশুলিয়া থানার এসআই খায়রুল ইসলাম এবং এজাহার নেয়া কর্মকর্তা এসআই শাহজালাল মিয়া।
 
বিচারক এস এম সাইফুল ইসলাম মামলায় পরবর্তী সাক্ষ্য নেয়ার জন্য ৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি কাজী শাহানারা ইয়াসমিন জানিয়েছেন। ওই দিন তাজরীনের শ্রমিক সোনা মিয়া মণ্ডল, মানজুর আলম ও মোসাম্মৎ লাইলী বেগমের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।
 
শাহানারা বলেন, আদালতের আদেশে পরবর্তী দিনে সাক্ষ্য দেয়ার জন্য ওই তিনজনকে আদালতে হাজির হতে গ্রেপ্তারি পরোয়ানা তাদের ঠিকানায় পাঠানো হয়েছে। এই মামলায় মোট ১০৪ জনকে সাক্ষী করা হয়েছে; আসামি রয়েছে ১৩ জন, যাদের মধ্যে আট জন আদালতে হাজির ছিলেন।
 
এর আগে বাদী খায়রুল সাক্ষ্য দেয়া শেষ করে কাঠগড়ায় দাঁড়ানো মামলার প্রধান আসামি তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ আট আসামিকে শনাক্ত করেন বলে জানান তিনি।
 
এ সময় কাঠগড়ায় হাজিন ছিলেন অপর আসামি দুলাল উদ্দিন, হামিদুল ইসলাম, আনিসুর রহমান, আল আমিন (১), আল আমিন (২) ও মাহবুবুল মোর্শেদ। আসামির মধ্যে আনারুল ওরফে রানা, শামীম মিয়া, আব্দুর রাজ্জাক, শহিদুজ্জামান দুলাল ও মোবারক হোসেন পলাতক রয়েছে।
 
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জনের মৃত্যু হয়; আহত হন ১০৪ শ্রমিক। শ্রমিকদের বের হতে না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে দেলোয়ার ও তার স্ত্রী মাহমুদাসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়।