বিয়ে করতে চলেছেন সুশান্ত-অঙ্কিতা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৯:৩৯
ক্যারিয়ারের শুরুতে ধস নামার ভয়ে বিয়ে করতে চান না অনেক অভিনেতা-অভিনেত্রী। অনেক জুটি আবার প্রেমের কথা স্বীকারই করতে চান না। এই দলের ঠিক বাইরের মানুষ সুশান্ত সিং রাজপুত। বলিউডের এই উঠতি তারকা ছাদনাতলায় বসতে চলেছেন। আর এই ঘোষণা  নিজ মুখেই দিয়েছেন তিনি। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
 
বেশ ক’বছর ধরে সুশান্ত আর অঙ্কিতা লোখান্ডে চুটিয়ে প্রেম করছেন। তাদের বিয়ে কেন্দ্রিক গুজব নিয়ে প্রায়ই হৈ চৈ শুরু হয় মিডিয়া পাড়ায়। তবে এবার আর গুজব নয়, সত্যি সত্যিই চলতি বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই প্রেমিক যুগল।
 
সুশান্ত জানিয়েছে, ‘হ্যাঁ, এ বছরের ডিসেম্বরে আমরা বিয়ে করতে চলেছি।’
 
'পবিত্র রিস্তা' ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই অঙ্কিতা-সুশান্তের প্রেম হয়। পরে বলিউডে সুযোগ পেয়ে সুশান্ত বেরিয়ে যান সিরিয়াল ছেড়ে। অঙ্কিতা এখনও অভিনয় করেন ওই সিরিয়ালেই। দিবাকর ব্যানার্জির ডিটেকটিভ ‘ব্যোমকেশ বক্সী’তে শেষবার সুশান্তকে দেখা গিয়েছিল বড় পর্দায়। কাজ শেষ করেছেন নীরজ পাণ্ডের এম এস ধোনি বায়োপিকের।