‘হাসিনা –দ্যা কুইন অব মুম্বাই’ চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হওয়ার অপেক্ষায় আছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মিডিয়ার নানান গুজবের মুখে এই তথ্য জানালেন শত্রুঘ্ন সিনহার মেয়ে।
কদিন আগে ভারতের বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়, ‘হাসিনা –দ্যা কুইন অব মুম্বাই’ মুভিতে চূড়ান্ত করা হয়েছে সোনাক্ষীকে। এই প্রচারণার জবাবে দাবাংয়ের এই অভিনেত্রী বলেন, এখনো প্রাথমিক কথাবার্তা চলছে, পাকাপাকি কিছু হয়নি।
সালমান খানের হাত ধরে বলিউডে আসা এই নায়িকা আরও জানান, মুভিটির গল্প চমৎকার, এর অংশ হতে পারলে সত্যিই খুব ভালো লাগবে।
দাউদ ইব্রাহিম যে বাণিজ্য নগরীর অপরাধ জগতের মূলপাণ্ডা তা মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের পর প্রকাশ্যে আসে। ১৯৯৩ সালের ওই ঘটনার পর থেকেই পলাতক এই মাফিয়া। দাউদের সঙ্গে তার বোন হাসিনাও ওই হামলায় অংশ নেন। দাউদের দুই বোনের একজন এই হাসিনা।
এই মাফিয়া ডনের জীবনী নিয়ে ছবি বানাতে যাচ্ছেন ‘শুটআউট অ্যাট লোখান্ডেওয়ালা’ খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। আর এতে নাম ভূমিকায় অভিনয় করতে পারেন সোনাক্ষী।
দাউদের দুই বোন- হাসিনা পারকার এবং সায়িদা পারকর। এদের মধ্যে অন্ধকার জগতের কুইন হিসেবে কুখ্যাত ছিলেন হাসিনা। মুম্বাইয়ের নাগপাড়া এলাকায় ছেলে আলিশাহ ও ২১ বছরের পুত্রবধূর সঙ্গে থাকতেন তিনি। ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৫ বছরে মারা যান হাসিনা।
