চলতি বছর সরকারিভাবে হজে যেতে খরচ পড়বে জনপ্রতি ৩ লাখ ৬০ হাজার টাকা। আর কোরবানি ছাড়া খরচ পড়বে জনপ্রতি ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় হজ ও ওমরা নীতি ২০১৬’ এবং ‘হজ প্যাকেজ ২০১৬’ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার জন হজে যেতে পারবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া-বাড়ি ভাড়া যোগ করে সংশ্লিষ্টরা বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করতে পারবেন।
