গত কয়েক বছরে সেলফি নিয়ে সারা বিশ্বে বেশ বড় রকমের একটা উন্মাদনা তৈরি হয়েছে। যে কারণে এখন স্মার্টফোন কেনার আগে ব্যবহারকারী ফ্রন্ট ক্যামেরাকে গুরুত্ব দেন বেশি। আর ভালো ফ্রন্ট ক্যামেরার ফোন হল ‘ভাইব এস১ লাইট’। সেলফিপ্রেমী গ্রাহকদের মন জয় করতে এই ডিভাইস এনেছে লেনোভো।
২০১৫ সালে ‘ভাইব এস১’ ও ‘কে ৩’ নামের দুটি সেলফি ক্যামেরা প্রধান স্মার্টফোন বাজারে আনে লেনোভো। ডিভাইস দুটি জনপ্রিয়তা পাওয়ায় নতুন বছরের শুরুতেই ভাইব এস১ লাইট উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠানটি।
সদ্য উন্মোচিত লেনোভোর এই নতুন ফোন নীল ও সাদা রঙে শিগগিরই বাজারে পাওয়া যাবে। এতে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
ভাইব এস১ লাইট স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।
এই স্মার্টফোনে ভাইব এস১ এর মতো ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম রয়েছে। ২ গিগাবাইট (জিবি) র্যাম ও ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজের এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এতে আরও রয়েছে ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশ, পিডিএএফ এবং বিএসআই সেন্সরের ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশের ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
২৭০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোন কানেক্টিভিটির দিক থেকে ফোরজি, থ্রিজি,ওয়াই-ফাই, জিপিএস/এ-জিপিএস এবং মাইক্রো-ইউএসবি সমর্থন করবে।
